ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বাউলশিল্পী ও গীতিকার নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন (৩৫) ঢাকার কচুখেত এলাকার বাসিন্দা।

আহতরা হলেন আখাউড়া তারাগঞ্জের সিএনজি চালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকা কচুখেতের সংগীতশিল্পী মুহাম্মদ আলামিন (৩৭) এবং নবীনগর রাধানগরের ইয়াসিন মিয়া (২৮)।

আহত সংগীতশিল্পী আলামিন মিয়া জানান, প্রতি বছরের মত আখাউড়ার মুগড়া ইউনিয়নের আউড়ারচড় গ্রামের শহীদ ফকিরের বাড়ির ওরশ ছিল। তারা চারজন শিল্পী শহীদ ফকিরের ওরশে যাওয়ার সময় পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গুরুতর আহত সিএনজি চালক সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়েছে বলে ওসি জানান।

সূত্র : ইউএনবি