রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের কাঠালতলা গ্রামে ফাঁদে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির মেছোবাঘ। মঙ্গলবার রাত ১০টার দিকে কাঠালতলা গ্রামের ফারুক হোসেনের বাড়িতে মেছোবাঘটি ধরা পড়ে।

স্থানীয় যুবক জহিরুল ইসলাম জানান, কয়েক দিন আগে থেকেই মেছোবাঘটি মানুষের নজরে পড়ে। পরে কোয়েল পাখির টোপ দিয়ে ফাঁদ পাতলে মেছোবাঘটি ধরা পড়ে। মনে করা হচ্ছে, এলাকায় আরো মেছোবাঘ আছে।

বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাকির হোসেন জানান, আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। ওই বন্যপ্রাণীটিকে প্রশাসনের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মেছোবাঘ, বাঘরোল বা মেছোবিড়াল মাঝারি আকারের বিড়ালগোত্রীয় এক ধরনের স্তন্যপায়ী বন্যপ্রাণী। ব্রাজিল, কোস্টা রিকা, বাংলাদেশ, ভারত, বলিভিয়া, কম্বোডিয়া, লাউস ও শ্রীলঙ্কায় এদের দেখতে পওয়া যায়। এরা স্থানীয়ভাবে (গ্রামে) বাঘরোল নামে পরিচিত। বিগত কয়েক দশকে বাঘরোলের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।

দেশের বনজঙ্গল ধ্বংস, নতুন বসতি স্থাপন, কৃষিজমিতে রূপান্তর ও অন্যান্য কারণে বাঘরোলের আবাসস্থল ও জলাভূমিগুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়াই এর মূল কারণ। তাই আইইউসিএন ২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করে।