সারা দেশে মহামারী করোনা সংক্রমণের মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সাত দিনব্যাপী কুড়িখাই মেলা সোমবার থেকে শুরু হয়েছে। মেলাটি চলবে আগামী রোববার পর্যন্ত। শাহ শামসুদ্দিন বুখারি (রহ:) মাজারের ওরসকে ঘিরে আয়োজন করা হয় এ মেলা। সোমবার রাতে মেলায় দেড় লক্ষাধিক লোকের গণজমায়েত হয়েছে। মেলার অন্যতম আকর্ষণ হলো মাছের হাট। মাছ ছাড়াও সাত দিন ধরে বেচাকেনা হয় কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের সামগ্রী।
মেলায় জাদু প্রদর্শনীর নামে চলছে অশ্লীল নৃত্য। এ নৃত্য দেখতে স্কুল-কলেজ শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে। মেলায় জাদু প্রদর্শনীর তিনটি আসর রয়েছে। এগুলো হচ্ছে- ঢাকা ডিজিটাল ভয়ঙ্কর জাদু প্রদর্শনী, ইমরান বাদশা অলৌকিক জাদুচক্র গ্রুপ ও আব্দুল আজিজ জাদু প্রদর্শনী। স্থানীয় প্রভাবশালী লোকজনের সহযোগিতায় জাদু প্রদর্শনীর নামে নর্তকী দিয়ে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। করোনার কারণে রাষ্ট্রীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং লোক জমায়েত নিষিদ্ধ করা হলেও কটিয়াদীতে সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না। ফলে এলাকার সচেতন মহল মহামারী করোনা বৃদ্ধির আশঙ্কা করে উদ্বেগ প্রকাশ করেছেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাজরীনা তৈয়ব জানান, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মেলায় গণজমায়েত হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এ নিয়ে তারা উদ্বিগ্ন।
কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার জানান, মেলায় জাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। এই নৃত্য দেখতে মানুষ ভিড় জমাচ্ছে। অশ্লীল নৃত্য বন্ধ করার দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ^র পাল জানান, সারা দেশে মহামারী করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে গণজমায়েত নিষিদ্ধ থাকায় কুড়িখাঁই মেলার অনুমতি দেয়া হয়নি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মেলার আযোজন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



