নিজের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের জেরে ছোটভাইকে কুপিয়ে হত্যার মামলায় গাইবান্ধায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম তানজির আহমেদ। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কানিপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স।
এজাহারে সূত্রে জানা গেছে, তানজিরের স্ত্রীর সঙ্গে তার ছোটভাই সাগর সরকার শাওনের অনৈতিক সম্পর্ক ছিল। তাদের শারীরিক সম্পর্কের বিষয়টি বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর তার লাশ গোবরের ডিবির নিচে পুঁতে রাখে।
এ ঘটনায় পরদিন ৭ জানুয়ারি সাগরের অপর বড়ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ লাশ উদ্ধারসহ সন্দেহভাজন তানজির আহমেদকে গ্রেফতার করে।
পরবর্তী সময়ে ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির।
পিপি ফারুক আহম্মেদ বলেন, ‘মামলার তদন্ত শেষে পুলিশ তানজিরের নামে আদালতে অভিযোগপত্র দেয়। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।’
এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেন তিনি।



