চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নলুয়া ও বাজালিয়ায় পৃথক দুই স্থানে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে।
বুধবার বিকালে ও রাতে সাতকানিয়া থানায় এই হত্যা মামলা দুটি করা হয়।
গত সোমবার (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মরফলা ইউনিয়ন পরিষদ অফিস ভোটকেন্দ্র ও বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ওই দু’জন নিহত হন।
জানা গেছে, ওই দিন সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক
সহিংস ঘটনা সংঘটিত হয়। নির্বাচন কেন্দ্রিক সহিংস ঘটনায় নলুয়া ইউনিয়নে মরফলা এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্কুলশিক্ষার্থী মো: তাসিব ও বাজালিয়া ইউনিয়নে আবদুল শুক্কুর নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় গত বুধবার বিকালে নিহত স্কুলশিক্ষার্থী মো: তাসিবের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামি একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে একই দিন রাতে বাজালিয়া ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে নিহত আবদুল শুক্করের ছোটভাই মো: জুয়েল বাজালিয়া ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীকে প্রধান আসামি করে ২১ জনের নামোল্লেখ ও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, নির্বাচনের দিন সহিংস ঘটনায় স্কুলছাত্র তাসিব ও আবদুল শুক্কুর নিহতের ঘটনায় দুটি পৃথক হত্যামামলা দায়ের করা হয়েছে। গত বুধবার নিহত স্কুলছাত্র তাসিবের বাবা জসিম উদ্দিন ও নিহত আবদুল শুক্কুরের ছোটভাই মো: জুয়েল এই মামলা দুটি করেন।
নির্বাচনের দিন সহিংস ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত কয়েকদিনে পুলিশ ও র্যাব সদস্যরা কয়েক জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের কাছ থেকে ৭টি অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ ও র্যাব সদস্যরা।



