কুমিল্লার দেবিদ্বারে নির্বাচন পরবর্তী সহিংসতায় বড়শালঘর ও ইউছুফপুর ইউনিয়নে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ ১২ জনকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। এ ঘটনায় পৃথক তিন মামলায় এজাহারভুক্ত ১০১ জন ও অজ্ঞাতনামা ১০৯৩ জনকে আসামি করা হয়। বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা নাগাদ সংঘর্ষ চলে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোটশালঘর গ্রামের বিজয়ী মেম্বার প্রার্থী আলম হাজারীর পক্ষে মিছিল করার সময় হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরাজিত মেম্বার প্রার্থী ফরিদ উদ্দিন সরকারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, ইউছুফপুর ইউনিয়নে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দিনভর সংঘর্ষ হয়। এ ঘটনায় আলম হাজারী মেম্বারসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বড়শালঘর ও ইউছুফপুর এলাকায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও পুলিশের কাজে বাধাদান এবং চার পুলিশ আহতের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।



