‘সনদ যার, চাকরি তার’ - এই শ্লোগান নিয়ে মাগুরায় প্যানেল প্রত্যাশী নিবন্ধনধারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাগুরা প্রেস
ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন শুরু হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মাহফুজুর রহমানের নেতৃত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আরজু শরীফ, মোস্তাক আহমেদ, পাপিয়া শারমিন ও স্মৃতি বিশ্বাস।

মানববন্ধনে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা প্যানেল ভিত্তিক নিয়োগ দেয়ার দাবি তোলেন। নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ পরীক্ষা বন্ধ রাখা এবং ইন্ডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অর্ন্তভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করার দাবি জানান তারা।

মানববন্ধনে জেলার শতাধিক নিবন্ধিত শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে কৃত্রিম শিক্ষক সংকট থেকে মুক্তির পথ হিসাবে প্যানেল ভিত্তিক নিয়োগ দেয়ার আহ্বান জানান। একইসাথে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।