বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট গ্রামে শিয়ালের আক্রমণে গত ৪-৫ দিনে প্রায় ৩০ ব্যক্তি জখম হয়েছেন। এর ফলে শিয়াল আতঙ্কে রয়েছে গ্রামের বাসিন্দারা। শেয়ালের আক্রমণ থেকে বাঁচতে গ্রামবাসী লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত নামলেই গ্রামের পাশের ঝোপঝাড় ও জঙ্গল থেকে দলবেঁধে শেয়াল বের হয়ে মানুষকে আক্রমণ করছে। আত্মরক্ষার জন্য মানুষ লাঠিসোটা দিয়ে শিয়াল পিটিয়ে মারছে। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন বলেন, গত রাতে ফুলকোর্ট গ্রামের চায়ের স্টলে বসেছিলেন গ্রামের ৫-৬ জন লোক। পাশের জঙ্গল থেকে দলবেঁধে আসা শিয়াল হঠাৎ তাদের ওপর আক্রমণ করে। শিয়ালের কামড়ে সাইদুর রহমান, জিয়াউর রহমান ও আব্দুর রহমান নামের তিনজন আহত হন।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন কানিছ ফারজানা বলেন, বাসস্থান ও খাদ্যসঙ্কটে দিশেহারা হয়ে এবং সম্ভবত জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে শিয়ালের দল কয়েক দিন ধরে ওই গ্রামে মানুষ দেখলেই আক্রমণ করছে বলে আমি প্রাথমিকভাবে ধারণা করছি।



