নোয়াখালীতে বাসের ধাক্কায় নূর মোহাম্মদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। শুক্রবার রাতে বেগমগঞ্জ উপজেলার মাইজদী-চৌমুহনী সড়কের একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দার টেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

জানা গেছে, সন্ধ্যার দিকে নূর মোহাম্মদ মোটরসাইকেলযোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে যাত্রা করেন। যাত্রা পথে মোটরসাইকেলটি গাবুয়া নামক এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এত মোটরসাইকেল আরোহী যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি কুরি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। একই সাথে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।