নওগাঁর মান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি তুলার মিল ভষ্মীভূত হয়ে গেছে। এতে আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা সদর প্রসাদপুর বাজারের দক্ষিণে বড়পই গ্রামে ইনডেক্স কলেজের পূর্ব পার্শ্বে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সারাদিন তুলার মিল বন্ধ ছিল। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা কেউ নিশ্চিত নয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রাত পৌনে ১০ টার দিকে হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয় শোনা যায়। পরে তুলার মিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।

খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ছোট বেলালদহ গ্রামের মিল মালিক সৌদি প্রবাসী আয়নালের স্ত্রী মোর্শেদা খাতুন ও বড়পই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী নুরুন্নাহার বিবি জানান, রাত ১০টার দিকে তারা নিজ বাড়িতে খাবারের খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজনসহ ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেন। কিন্তু ততক্ষণে মিলের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে দুটি মিলের সকল মালামাল পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন মিল মালিকেরা।

মান্দা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিউর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।