চুয়াডাঙ্গা সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (পুরুষ) মুখবাঁধা অবস্থায় রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ট্যাংরামারী গ্রামের রেল সড়কের ১৪১-১৪২ পিলারের মাঝামাঝি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫-এর মধ্যে। তার পরনে রয়েছে সাদা ও ছাইরঙা শার্ট ও খয়েরি রঙের প্যান্ট।
জানা গেছে, রোববার সকালে রেললাইনের পাশে লুঙ্গি দিয়ে মুখবাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, খবর পেয়ে অজ্ঞাতপরিচয় এটি লাশ উদ্ধার হয়েছে। লুঙ্গি দিয়ে তার মুখ বাঁধা ছিল। একটি পা ভাঙ্গা ও হাত-পা কাটা রয়েছে। এছাড়াও মাথায় আঘাত আছে। পরিচয় শনাক্তের জন্য সিআইটি টিম কাজ করছে। আমাদের প্রাথমিক ধারণা, এটা হত্যার ঘটনাও হতে পারে আবার ট্রেনে কেটে মৃত্যুও হতে পারে। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



