ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নে নিজ বাড়িতে মাটির দেয়াল চাপা পড়ে বিপুল বর্মন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে নিজ বাড়িতে মাটির ঘরের দেয়াল ভাঙ্গার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিপুল বর্মন সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামের কালীচরন বর্মনের বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, পাকা বাড়ি নির্মাণের জন্য মাটির ঘরের দেয়াল ভাংছিলেন বিপুল ও তার বাবা কালিচরন। দেয়াল ভাঙ্গার একপর্যায়ে মাটির দেয়ালে চাপা পড়ে যান বিপুল বর্মন। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।