গাইবান্ধায় রড চুরির অপবাদে দুই পরিবহনশ্রমিক ও ট্রাকমালিককে বেঁধে বর্বরোচিতভাবে মারপিট কারার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

সোমবার বিকেলে পরিবহনশ্রমিক মামুন অর রশিদ গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত শরীফ ট্রেডার্সের
মালিক মিঠু হাজী, ম্যানেজার লাভলু, কর্মচারী রাইয়ানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬-৭জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে রংপুর মিঠাপুকুর এলাকার ট্রাকড্রাইভার হাফিজুর রহমান ও হেল্পার সেকেন্দার আলী শরীফ ট্রেডার্সের রড বোঝাই ট্রাক নিয়ে গাইবান্ধা শহরের ভিএইড রোডে আসেন। এ সময় ৫১০ কেজি রড ঘাটতি হওয়ায় তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য চাপ দেন শরীফ ট্রেডার্সের মালিক মিঠু হাজী। পরে বাধ্য হয়ে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে ৪০ হাজার টাকা এনে মালিককে দেন তারা। এরপরও ড্রাইভার ও চালককে গোডাউনে আটকে রেখে বর্বরোচিত কায়দায় মারপিট করেন মিঠু হাজি, ম্যানেজার লাভলু ও কর্মচারী রায়হানসহ ৫ থেকে ৭ জন লোক। এ খবর পেয়ে ট্রাকের মালিক মামুনুর রশিদ বকুল তাদের
উদ্ধার করতে এলে তাকেও আটকে রেখে মারপিট করা হয়।

এ ঘটনার পরে কৌশলে তারা ৯৯৯-এ ফোন দেন। এরই পরিপ্রেক্ষিতে রোববার রাত ১০টার দিকে শরীফ ট্রেডার্সের গোডাউন থেকে গুরুতর আহত অবস্থায় ৮ ঘণ্টা পর তাদের উদ্ধার করে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।