ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। এর সদস্যরা এতিম, ছিন্নমূল ও বেদে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালোবাসা দিবস পালন করেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের ব্যতিক্রমী এই আয়োজন কুড়িয়েছে প্রশংসা।
নড়াইলের চিত্রা নদীর পাশে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উন্নতমানের খাবার পরিবেশন, খেলাধুলা, বিনোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উৎসবে অংশ নেয়া এক শিশু জানায়, সে আগে কখনো এ ধরনের আনন্দ-উৎসবে যোগ দেয়নি। ট্রেন, নাগরদোলা, চরকা, নৌকাসহ বিভিন্ন রাইডে চড়তে পেরে তারা খুব খুশি। দিনভর ঘোরাঘুরি করেছি। দুপুরে ভালো মানের খাবার খেয়েছি।
ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিন্নরকম এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে সংগঠনের উপদেষ্টা ফয়সাল মুস্তারী বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া তরুণদের সৃজনশীল এই উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়–ক- এই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতেও তারা ভালো কাজ অব্যাহত রাখবে বলে আশা করছি।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ‘জয় বাংলা ইয়ুথ পুরস্কার-২০২১’ বিজয়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মির্জা গালিব সতেজ বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পাঁচ বছর ধরে বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।



