নওগাঁয় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন স্থান থেকে চুরির মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. গাজিউর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

গাজিউর রহমান জানান, বগুড়া জেলার ধুনট উপজেলার চোয়ারপাড়া গ্রামের মো. ফরিদুল ইসলামের একটি মোটরসাইকেল গত ২ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে নওগাঁ শহরের চকগরীব সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সামনে থেকে চুরি হয়। এরপর ফরিদুল ইসলাম নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত করতে গিয়ে গত ১৩ ফেব্রুয়ারি নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে নওগাঁ শহরের বাবু মোল্লার ছেলে জালাল মোল্লাকে (২৬) আটক কর করা হয়।

পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নওগাঁ শহরের চক ইলাম এলাকার মৃত মেহের আলীর ছেলে গোলাম রব্বানী ওরফে লালচান (৩৬), মধ‍্য দূর্গাপুর হাজীপাড়া এলাকার মৃত জহির সরদারের ছেলে মো. নাজিম উদ্দিন (৬৫) ও নাজিম উদ্দিন সরদারের ছেলে মো: ইমরান হোসেন (৩৫), মকরামপুর মধ‍্যপাড়া এলাকার মন্টু প্রামানিকের ছেলে মো. শরিফ হোসেন (৩১), চকবাড়িয়া মধ‍্যপাড়া এলাকার মো. বুলুর ছেলে মো. নাহিদ হোসেন এবং চকমুক্তার বউবাজার এলাকার মৃত জহুরুল হকের ছেলে মো. নুরুল ইসলামকে (৪৯) আটক করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১০টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, এই চক্র দীর্ঘদিন থেকে মোটরসাইকেল চুরি করে রং এবং আকার পরিবর্তন করে দেশের অন‍্যান‍্য এলাকায় বিক্রি করতো। এদের সাথে আরো কারা জড়িত আছে, তাদের সন্ধান করে গ্রেফতারের চেষ্টা চলছে।