গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুল বাতেন সরকারের বাড়িতে অগ্নিকাণ্ডে ২২ কক্ষ ও মালামাল পুড়ে গেছে। সোমবার বেলা পৌনে ১২টার দিক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানিয়েছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে আব্দুল বাতেন সরকারের সেমিপাকা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। শ্রীপুরের মাওনা ফায়ার স্টেশনের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে এবং ঘর থেকে মালামাল বের করতে গিয়ে দু’জন ভাড়াটিয়া আহত হয়েছে।
বাড়ির মালিক আব্দুল বাতেন সরকার জানান, আগুনে আমার ২২টি সেমি পাকা বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় আমার ৫০ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে।
মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, খবর পেয়ে সোয়া এক ঘন্টার চেষ্টায় দুপুর ১.২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।






