জমি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালী সদরের পশ্চিম চরউরিয়া গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

সোমবার দুপুরের এই ঘটনায় আহত দুই নারী, বিবি রহিমা (৩) ও পপি আক্তারকে (২৪) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এই ঘটনায় বিবি রহিমা বাদী হয়ে রিয়াজ, রহমত উল্যাহ, মুরাদ, রাহাদসহ ছয়জনের বিরুদ্ধে সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহতরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ রহমত উল্যাহ, রিয়াজ ও মুরাদ বিভিন্ন সময়ে বাড়িতে আমাদের একা পেয়ে প্রায় হুমকি ধমকি ও গালমন্দ করতো। বাড়িতে কোন পুরুষ না থাকায় নানা অত্যাচারের শিকার হতে হয়েছে তাদের।

তারা বলেন, ‘এরই সূত্র ধরে পূর্ব বিরোধের জেরে সাবেক মেম্বার আবদুল খালেকের উপস্থিতিতে আমাদের নানা ভাবে গালিগালাজ করে। এক পর্যায়ে এর প্রতিবাদ করলে প্রতিপক্ষ রহমত উল্যাহ ও মুরাদের নের্তৃত্বে ৬/৭ জন অতর্কিত ভাবে হামলা চালায়। এছাড়াও মহিলাদের মারধর ও শীলতাহানির চেষ্টা করে এবং মহিলার গায়ে থাকা স্বর্ণালংকারসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

এ ব্যাপারে জানতে চাইলে সুধারামপুর থানার এসআই শাহিনুর জানান, এ ঘটনায় তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।