নোয়াখালীর সেনবাগে যুবক ও কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।
দুই গ্রামবাসী বাজারে দাঙ্গা-হাঙ্গামা করার প্রতিবাদে কেশারপাড় বাজারের সাধারণ ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবাদ মিছিল করে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় বাজারস্থ চৌরাস্তা ও কানকিরহাট বাজারে বীরকোট গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ১১ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কেশারপাড় গ্রামের ছেলে রাকিবের সাথে (১৮) একই ইউনিয়নের বীরকোট গ্রামের কিশোরী সনিয়ার (ছদ্মনাম) প্রেম আদান-প্রদানকে কেন্দ্র করে দুই পরিবারে বিরোধ দেখা দেয়। এতে মেয়েপক্ষের লোকজন প্রথমে প্রেমিক রাকিবকে চড়-থাপ্পড় দেয়। পরে ছেলেপক্ষের লোকজন মেয়ের ভাইকে মারধর করে। এ নিয়ে দুই ‘গ্রামের ইজম’ সৃষ্টি করে দুই গ্রামবাসী সোমবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, প্রেম আদান-প্রদানকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। তবে পুলিশ তাৎক্ষণিক ১১ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত থাকায় দুই গ্রামের পুরুষ সদস্যরা গাঢাকা দিয়েছে।



