চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় তারেক (১৭) নামে এক কিশোর রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৯টায় উপজেলার ছিকনদন্ডী ইউনিয়নের চৌধুরী হাটের পূর্বে দাতারাম সড়কের এলিট সিটির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তারেক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মো: বেলালের ছেলে।
তার বড় ভাই শরীফ জানান, তারা আরো তিন ভাইসহ এ উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ১৪ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তারেক দীর্ঘদিন ধরে এখানে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। সোমবার সকাল ও দুপুরে সে তার দুই বন্ধুর সাথে ছিল, বিকেলে সে রিকশা নিয়ে বের হয়েছিল, কিন্তু রাতে আর ফেরেনি।
পুলিশের তরফ থেকে জানানো হয়, তারেকের পেটে-পিঠে চুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে গলা কেটে হত্যা করা
হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তর জন্য লাশটি মর্গে পাঠানো হয়।
তবে এলাকাবাসী জানান, চৌধুরী হাটের পূর্ব পার্শ্বে দাতারাম সড়কের বানিয়া পাড়া থেকে সিকদার পাড়ার মাঝামাঝি বিশাল ফাঁকা জায়গায় প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই ও হত্যার ঘটনা ঘটছে। তাদের দাবি, এক শ্রেণীর চাঁদাবাজের কারণে এ এলাকায় কেউ বসতবাড়ি করতে পারছেন না। এলিট সিটি নামের একটি আবাসিক প্রজেক্টের কাজও এ কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে। তারেকের হত্যায় এই চক্রের হাত থাকতে পারে।






