দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়েরকৃত আড়াই কোটি টাকা আত্মসাৎ মামলায় বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বুধবার তারা বাগেরহাটের দায়রা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক রবিউল ইসলাম শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ দিকে পৌর মেয়রের জামিন নামঞ্জুরের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাগেরহাট-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল।
আদালত থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ ১৭ জনের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করার দায়ে গত বছরের ২৫ নভেম্বর পৃথক দু’টি মামলা দায়ের করে দুদক। চাকরিতে লোক নিয়োগ এবং আবাহনী ক্রীড়া কমপ্লেক্স ও ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ না করে ওই টাকা আত্মসাৎ করার দায়ে দুুদক সম্মিলিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর গত ৩১ জানুয়ারি হাইকোর্টে পৌর মেয়র খান হাবিবুর রহমান ও সাবেক সচিব বর্তমান মাগুরা পৌরসভার সচিব মোহাম্মদ রেজাউল করিম জামিনের আবেদন করলে শুনানি শেষে উচ্চ আদালত তাদেরকে তিন সপ্তাহের মাধ্য নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ দিকে দুর্নীতির মামলায় পৌর মেয়র আদালতে জামিন নিতে এলে কয়েক হাজার নেতাকর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হন।



