পাইকগাছার কপিলমুনির পাটখালী খাল থেকে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তার লাশ উদ্ধার করা হয়।

এসময় একজন ওই নারীকে তার মা বলে দাবি করেন। তিনি চার বছর যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ১১ দিন আগে তিনি হারিয়ে যান। অনেক খোঁজার পর তাকে পাওয়া যায়নি। তবে হারানোর ব্যাপারে তিনি জিডি করেননি।

সকালে কাজিমুছা এলাকার মোঃ আমজেদ আলী খালে মাছ ধরতে গিয়ে লাশটি ভাসতে দেখে প্রথমে স্থানীয় ঘের মালিক এবং পরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। আর লাশ উদ্ধার কার্যক্রম চলমান। একজন দাবি করছেন, লাশটি তার মায়ের। উদ্ধার শেষে লাশের পরিচয় জানা যাবে বলেও তাৎক্ষণিকভাবে জানান তিনি।