সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসীর ভেতর থেকে শাহানা পারভিন জ্যোৎস্না (৩৮) নামের এক গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের আব্দুল মতিন মার্কেটের ‘অভি মেডিকেল হল’ নামের ফার্মেসি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ভাই হেলাল মিয়া বলেন, বুধবার বিকাল ৩টার দিকে আমার বোনকে অভি মেডিকেলের মালিক জিতেশ চন্দ্র গোপ অভি ফোন করে তার ফার্মেসিতে নিয়ে যান। এরপর থেকে আমার বোন আর বাসায় ফেরেনি। সারারাত অনেক খোঁজাখুজির পর অভির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি আমার বোনকে ফিরিয়ে দিবেন বলে আমাদেরকে পরের দিন বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পৌর শহরের একটি বাজারে যেতে বলেন।
আমরা সেখানে গিয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তার ফোন বন্ধ পাই। এরপর আমরা অভির বাসায় গিয়ে দেখতে পাই তার মাসহ বাসার সবাইকে সরিয়ে দিয়ে বাসা তালাবদ্ধ করে পালিয়েছেন তিনি, তখনই তার প্রতি আমাদের সন্দেহ হয়। পরে পুলিশের সহযোগিতায় অভি মেডিকেলের তালা ভেঙ্গে আমার বোনের লাশ পাই।
শাহানা পারভীন জ্যোৎস্না উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি আরব প্রবাসী সুরুক মিয়ার স্ত্রী। তিনি জগন্নাথপুর পৌরসভা কার্যালয়ের পেছনে নয়াবাজার কলোনির নিজস্ব বাসায় দীর্ঘ দিন ধরে দু’মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন।
ওই নারীকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাটিয়েছি এবং আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।






