খুলনার পাইকগাছায় ৬টি কাছিমসহ এক বিক্রেতাকে আটক করেছেন ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ ফ্রেব্রুয়ারি) বিকেলে উপজেলার চারবন্দা বাজার থেকে ওই বিক্রেতাকে আটক করা হয়।

উপজেলার ছালুবুনিয়া গ্রামের কমলেশ ঢালী (৩৮) ধৃত কাছিমগুলো বিক্রয়কালে ১টি ধুম ও ৫টি সন্ধি কাছিমসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো: লুৎফর রহমান, জুনিয়র অফিসার মো: শাহিন, দেবদাস কবিরাজ ও মো: ইনজামাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে কাছিম বিক্রয়ের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৮ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত দুই জাতের ৬টি কাছিম অবমুক্ত করেন।