গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আট বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আব্দুর রহমান। শিশুটি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। টঙ্গী পূর্ব থানার পাগার ঝিনু মার্কেট এলাকার চঞ্চল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন শিশু আব্দুর রহমান ও তার পরিবার। আগুনে তাদের ভাড়া ঘরটি ছাই হয়ে হয়েছে।
স্থানীয়রা জানান, বাবা-মা প্রতিদিন শিশু জাবেদকে ঘরে একা রেখে কাজে যান। শুক্রবার বিকেলে শিশুটি ঘরে একা শুয়ে ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে হঠাৎ আগুন লাগলে শিশুটি ভয়ে খাটের নিচে লুকায়। এক পর্যায়ে আগুন ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে শিশুটি খাটের নিচে দগ্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা আরো জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরের দরজা খোলা ছিল।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, ‘ঘরের দরজা খোলা থাকলে শিশুটি আত্মরক্ষার্থে প্রথমেই বাহিরে বেরিয়ে আসত, খাটের নিচে লুকাতে যেত না। ঘরের দরজা বন্ধ ছিল বলে আমরা ধারণা করছি।’
তিনি আরো জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। এর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশে হস্তান্তর করে।






