অর্থআত্মসাৎ মামলায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ১১ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে যশোরের স্পেশাল জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ দণ্ড দেন। পাঁচ বছর কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। নড়াইল শহরের রূপগঞ্জ হাট ও বাস টার্মিনাল ইজারা দিয়ে ১২ লাখ ২২ হাজার ২০ টাকা আত্মসাতের মামলায় তাদেরকে এ দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তিরা হলেন নড়াইল পৌরসভার তৎকালীন সচিব শফিকুল আলম, সাবেক সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, সাবেক কাউন্সিলর খন্দকার আল মনসুর বিল্লাহ, আহম্মদ আলী খান ও তেলায়েত হোসেন, ইজারাদার রফিকুল ইসলাম, রাধে কুণ্ডু, ইজাজুল হাসান বাবু, জিল্লুর রহমান ও এইচ এম সোহেল রানা।
দণ্ডিত ব্যক্তিদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসসহ আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ইজাজুল হাসান বাবু, জিল্লুর রহমান ও রফিকুল ইসলাম পলাতক আছেন।



