গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকায় আগুনে ভষ্মীভূত একটি বাড়ির খাটের নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুর রহমান (৮) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে স্থানীয় আল কাউসার তাহমিজুল কুরআন মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল।
টঙ্গী পূর্ব থানার এসআই মো: ফরহাদ হোসেন ও স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকায় সাদেক আহমেদের টিনশেড বাড়িতে আগুন লাগে। সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ভষ্মীভূত ঘরের খাটের নিচ থেকে পুড়ে যাওয়া শিশু জাবেদের লাশ উদ্ধার করে। জয়নাল আবেদিন ওই কক্ষেটি ভাড়া নিয়ে সপরিবারে বাসবাস করে আসছিলেন।



