ময়মনসিংহের গফরগাঁওয়ে পায়ের নূপুর নিয়ে বউ-শাশুড়ির ঝগড়ার পর বিষপানে আত্মহত্যা করেছেন শাশুড়ি। আর মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন পুত্রবধূ।
আত্মহননকারী শাশুড়ি হেনা আক্তার (৫০) উপজেলার রাওনা ইউনিয়নের ধুপাঘাট গ্রামের তফাজ্জল হোসেনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, নিহত হেনা আক্তারের সাথে শুক্রবার সন্ধ্যায় তার ছেলে আলামিনের স্ত্রী শিফার (২২) পায়ের নূপুর নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাশুড়ি হেনা আক্তার তার পুত্রবধূর পেটে লাথি মারলে ৯ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ শিফার রক্তপাত শুরু হয়। রক্তপাত দেখে হেনা আক্তার ক্ষোভে ও ভয়ে নিজ বসতঘরে প্রবেশ করে বিষ পান করেন। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হলে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় পুত্রবধূ শিফাকে স্বজনরা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, পায়ের নূপুরের জন্য বউ-শাশুড়ির ঝগড়ার এ ঘটনা ঘটেছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করে আইনি পদক্ষেপ নেয়া হবে।



