বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নীলফামারীর সৈয়দপুরে মালামালসহ চার দোকান পুড়ে গেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সামান্য পূর্বদিকে আদানী মোড় (চাচা-ভাতিজার মোড়) এলাকায় সংঘটিত এ অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, মাগরিবের নামাজের আযানের সময় সৈয়দপুর-রংপুর মহাসড়কের সংলগ্ন আমিনুল ইসলামের ধানের মিল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যা দ্রুতই পাশের ভেলুর খড়ির গোলা, ভাঙাড়ির দোকান আর আতাউর রহমান ও আইয়ুব আলীর অটো পার্টস দোকানে ছড়িয়ে পড়ে।
খড়ি, ভাঙাড়ি, ধান মিলের খড়, তুষ আর পার্টসের দোকানের প্লাস্টিক ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুন তীব্র বেগে জ্বলে উঠে। এতে স্বল্প সময়েই আগুনের লেলিহান শিখায় সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যেই সৈয়দপুর ফায়ার সার্ভিসের দু’টি ও নীলফামারীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুনের হাত থেকে অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।






