সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলার মাঠে দু’পক্ষের সংঘর্ষে তারেক আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত তারেক আহমদের বাড়ি উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী নয়াগ্রামে। সে তখলিছ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পৌরসভার নুরুপাড়া গ্রামে রঙ্গাই বিছরা ফুটবল খেলার মাঠে। আহতরা হলেন একই গ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (১৯) ও পারভেজ আহমদ (২০)। স্থানীয় টাইগার ক্লাবের উদ্যোগে ওই খেলার আয়োজন করা হয়। খেলা চলাকালে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খেলার মাঠে সংঘর্ষে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।



