ঢাকা একুশে বইমেলায় বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও কালের কণ্ঠ প্রতিনিধি কপিল ঘোষের লেখা দু’টি ব্যতিক্রম বই প্রকাশ হয়েছে। বই কিনে অসুস্থ সাংবাদিক কপিল ঘোষের চিকিৎসায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন তার পরিবার। তার এই সৃষ্টিকর্মের জন্য স্বাগত জানিয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা। বই দু’টি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী।
‘সুন্দরের টানে মঙ্গল শত্রু’ বইটি এরই মধ্যে পাঠক সমাদৃত হওয়ায় দ্বিতীয় সংস্করণ প্রকাশ হয়েছে। আইলা কিংবা সিডর শাসিত সুন্দরবন অঞ্চলের মানুষের দুঃখ গাঁথা, লোকপ্রথা, বিশ্বাস, বর্ণবৈষম্য ইত্যাদি নিয়ে লেখা এই গল্পের বইটি নিছক গল্প নয়Ñ ১৯৭১ থেকে ২০২১ সাল পর্যন্ত ৫০ বছর সময়ের নানা ঘটনার উপস্থাপন বলা যায়। অন্য দিকে ‘বোহেমিয়ান যুদ্ধজীবন’ নামক বইটি এক কিশোরের চোখে দেখা মুক্তিযুদ্ধসহ জীবন নিয়ে লেখা উপন্যাস। বই দু’টি পাওয়া যাচ্ছে ঢাকা একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর বইবাড়িতে (স্টল নং-৪৬৮, ৪৬৯, ৪৭০)। এ ছাড়া যারা বাড়ি বসে বই পেতে চান তারা যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর ০১৭১২৭৪৯১৫৪।
কপিল ঘোষের পরিবার জানান, দুই বছর আগে সাংবাদিক কপিল ঘোষ এইএলএবি-২৭ পজিটিভে আক্রান্ত হয়ে বর্তমানে বাড়িতে দীর্ঘমেয়াদি চিকিৎসায় রয়েছেন। তার মেরুদণ্ডের হাড় ফাঁকা হয়ে যাওয়ায় তীব্র ব্যথায় স্বাভাবিকভাবে চলাফেরা করা তার জন্য কষ্টকর। এ অসুস্থ অবস্থায়ও তিনি লেখালেখি করছেন। সৎ পথের অর্জিত টাকায় তার ওষুধ পথ্য কেনা হোকÑ সেটিই তিনি চান। তাই বই কিনুন, অসুস্থ সাংবাদিক কপিলের চিকিৎসায় সহায়তা করুন। বিক্রয়কৃত বইয়ের একটি অংশ লেখক সম্মানী হিসেবে তিনি পাবেন।