উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এক নারীর মোবাইল ফোন থেকে ১২ হাজার ৪২০ টাকা বিকাশ থেকে হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে টাকাগুলো খোয়ান ওই নারী। এ বিষয়ে ভুক্তভোগী নারী গতকাল রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার ওই নারীর অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় কয়েকটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইল ফোনে কল আসে। ফোনটা রিসিভ করেন ওই নারীর বড় মেয়ে। প্রতারক চক্রটি এ সময় মেয়েটির লেখাপড়ার অবস্থা সম্পর্কে জেনে নিয়ে তাকে উপবৃত্তির প্রলোভন দেখায়। এবং কৌশলে একটি এসএমএস পাঠিয়ে তার পিন নম্বর জেনে নেয়। প্রতারক চক্রটি পিন নম্বর হাতে পেয়ে ওই নারীর মোবাইল ফোনটি হ্যাক করে সাথে সাথেই ১২ হাজার ৪২০ টাকা তাদের ফোনে সেন্ড মানি করে নিয়ে নেয়। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই ওই নারী সদর থানায় জিডি করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একটি টিম প্রতারক চক্র শনাক্তে কাজ শুরু করছে।’