নোয়াখালীর হাতিয়া থেকে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে অপহরণে অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি।
শনিবার সন্ধ্যার দিকে ভোলা জেলার মনপুরা উপজেলার মেঘনা নদীর চর সাকুচি থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় অপহৃতদের উদ্ধার করা হয়। পরে রোববার দুপুরের দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে প্রশাসন।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে তাদেরকে মেঘনা নদী থেকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়।
হাতিয়া কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ভোলা জেলার মনপুরা থেকে সাতজন জেলেকে একটি ডাকাত দল মুক্তিপণের জন্য অপহরণ করে। অপহৃত জেলেরা ভোলা জেলার মনপুরা উপজেলাধীন রহমানপুর এলাকার বাসিন্দা।
অপহরণের পরে ডাকাত দলের মোবাইল নম্বর ট্র্যাক করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে মনপুরা উপজেলাধীন দাসের হাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাতিয়া কোস্টগার্ডের স্টেশান কমান্ডার হাতিয়া লেফটেন্যান্ট ইফতেখারুল আলম। বিসিজি স্টেশন হাতিয়া ও আউটপোস্ট মনপুরার সহযোগিতায় নির্দিষ্ট স্থানে পৌঁছলে জলদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপহৃত জেলেদের হাত-পা বেঁধে নৌকায় ফেলে চলে যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইফতেখারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অপহৃত জেলেদের উদ্ধার করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



