নারায়ণগঞ্জের ফতু্ল্লায় পিটিয়ে ও ছুরিকাঘাত করে রবিন (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ফতুল্লার মুসলিমনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পিঠে ছুরিকাঘাত ও শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত রবিন মুসলিমনগর এলাকার ইমাম হোসেন ভান্ডারীর ছেলে। এই ঘটনায় বিল্লাল, মুন্না, শাওন ও অনিক নামে চারজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অজ্ঞাত কয়েকজনের সাথে রবিনের তর্ক হয়। এনিয়ে অজ্ঞাত যুবকরা রবিনকে পিটিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এইসময় স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, রবিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রবিনের চাচা মনির হোসেন জানান, কি নিয়ে কার সঙ্গে বিরোধ হয়েছে তা কিছুই জানি না। খবর পেয়ে হাসপাতালে এসে রবিনের লাশ দেখেছি। রবিন তার বাবা মায়ের সংসারে একমাত্র ছেলে সন্তান। তার ছোট আরো দুই বোন রয়েছে।

তিনি বলেন, রবিন ফতুল্লার শাসনগাও এলাকায় বিসিকনগরীতে তার মামা শাহিনের খাবার হোটেলে কাজ করেন। বিকেলে মাঠে সমবয়সী ছেলেদের সাথে খেলতে দেখেছিলেন বলে জানান রবিনের চাচা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।