নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার তাকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
তার আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার আসামির কাছ থেকে ৩৮ বোতল বিদেশী মদ জব্দ করে ডিবি পুলিশ।
জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে কামরুল হাসান সজল (৩২) মদের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে ও তার কাছ থেকে ৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।



