ঝিনাইদহের শৈলকুপায় গাছ থেকে শিরীনা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চন্ডীপুর গ্রামের লিচু গাছে ঝুলন্ত অবস্থায় ওই লাশ পায় পুলিশ।
শিরীনা খাতুন যোগীপাড়া গ্রামের মনজের আলীর স্ত্রী। তিনি চন্ডীপুর গ্রামের জোনাব আলীর মেয়ে।
জানা যায়, শিরীনা স্বামী সন্তান নিয়ে বাবার বাড়ির পাশেই বসবাস করতেন। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এলাকাবাসীর মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। তার স্বামী এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে অনেকের ধারণা। পুলিশ শিরীনার স্বামী মনজেরকে আটক করেছে।
শিরীনার ছেলে কলেজ পড়ুয়া সাব্বির বলেন, রাত ৮টার পর থেকে তার বাবা-মায়ের মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ে বাবা-মায়ের ঝগড়া থামাতে গেলে বাবা তার উপর চড়াও হন। এরপর সাব্বিরের সামনে তার মায়ের পেটে কয়েকটি লাথি দেন তার বাবা। পরে কোনো সাড়া-শব্দ আর পাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশীরা তার মায়ের লাশ লিচু গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এরপর তাদের সংবাদ দেয়। সকালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে তাদের মধ্যে আবারো ঝগড়া হয়। আমরা সকালে খবর পেয়ে লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত শেষে বলা যাবে। লাশটি ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। তার স্বামীকে থানায় আনা হয়েছে।



