মুন্সীগঞ্জে সিরাজদিখানে অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে মোট ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার কোলা ইউনিয়নের উত্তর রক্ষিতপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে লালচান শেখের ছেলে কৃষক জিতু শেখের এক মাত্র বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

জিতু শেখ বলেন, ‘আমি গরুর জন্য ঘাস আনতে জমিতে গিয়েছিলাম। আমার স্ত্রীও বাড়িতে ছিলো না। আমার ছোট ছেলেটা ঘরে ছিলো। কি ভাবে আগুন লাগছে তা জানি না। গতকাল আমি দুইটি গরু বিক্রি করেছি দুই লাখ টাকায়। ঘরে সেই টাকা ছিল আগুনে আমর সব শেষ করে দিলো।’

নগদ অর্থ ও ঘরের আসবাবপত্র সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী লিমন হোসেন বলেন, ‘আগুন দেখে এলাকার মানুষ মসজিদে মাইকিং করে। পরে লোকজন সেলো মেশিনের সাহয্যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এতো দ্রুত ছড়ায় যে তাৎক্ষণিকভাবে ঘর থেকে কিছু বের করে আনা সম্ভব হয়নি। জিতু এলাকার এক জন গরীব খেটে খাওয়া মানুষ। এই ঘরটিই তার একমাত্র বসত ঘর।’

কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, ‘আমি অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে উপজেলা প্রশাসনকে জানিয়েছি। নিজে সরজমিনে গিয়ে ব্যক্তিগত ভাবে জিতুকে পাঁচ হাজার টাকা দিয়ে আসছি। উপজেলা পিআইও অফিস থেকে তার ঘরের জন্য টিনের ব্যবস্থা করবো।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি সেখানে লোক পাঠিয়েছি। আমাদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।’