চুল-দাড়িতে টান দেয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে নয়ন মিয়া (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে হিমন মিয়া (২৪) নামে এক প্রতিবেশী যুবক।
মঙ্গলবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দি গ্রামের নায়েব আলীর ছেলে এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা। নিহতের স্ত্রী জর্দান প্রবাসী। ঘাতক হিমন মিয়া একই এলাকার আক্কাছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, নয়ন মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার চুল ও দাড়ি অনেক বড় ছিল। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী হিমন নয়নের চুল ও দাড়ি ধরে টান দেয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে নয়নকে বাড়ির পাশে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় হিমন। বুধবার সকালে পুলিশ নয়নের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই রমিজ উদ্দিন বলেন, গভীর রাতে মারামারির শব্দ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখি নয়ন ও হিমন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দু’জনের শরীরই রক্তে ভরা। সাথে সাথে আমি বাড়িতে গিয়ে লোক নিয়ে এসে দেখি হিমন নয়নকে মেরে পালিয়ে গেছে। আমার ভাই কিছুটা পাগল ছিল; কিন্তু সে কখনো কারো ক্ষতি করেনি। আমি ভাই হত্যার বিচার চাই।
মনোহরদী থানার এসআই কবির উদ্দিন বলেন, নিহতের বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। আমরা আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।



