নানা আয়োজনের মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে নূর মোহাম্মদ নগরে কুরআনখানি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, গার্ড অব অনার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর থানার ওসি শওকত কবির, মুক্তিযোদ্ধা এসএ মতিন, সাইফুর রহমান হিলু, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে শেখ মোস্তাফা কামাল প্রমুখ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০২১ সালের ২০ ডিসেম্বর বিজিবি দিবসের ক্রোড়পত্রেও নূর মোহাম্মদের জন্মদিন ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারিই উল্লেখ করা হয়েছে। গাণিতিক নিয়মেও ১৯৩৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ৮৬তম বার্ষিকী হয়। অথচ হঠাৎ কইে ‘৮৬তম’ জন্মবার্ষিকীর পরিবর্তে ‘৮৭তম’ জন্মবার্ষিকী উল্লেখ করা হয়েছে ব্যানার, পুষ্পস্তবকসহ অনুষ্ঠানের সব কর্মকাণ্ডে।