স্বামীর সাথে অভিমান করে সুফিয়া খাতুন (৩০) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাতলাশী গ্রামে ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে জাকির হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন দুই সন্তানের জননী ও ৮ মাসের অন্তঃসত্ত্বা। জাকির হোসেন ও সুফিয়া দম্পত্তির ১০ বছর বয়সী এক ছেলে ও ৪ বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

পারিবারিক বিষয় নিয়ে জাকির হোসেনের সাথে স্ত্রী সুফিয়া খাতুনের মনোমালিন্যতা চলছিল। শুক্রবার বিকাল ৩টার দিকে দাম্পত্য কলহের জেরে সুফিয়া ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুজ্জামান বলেন, দাম্পত্য কলহের জেরে সুফিয়া খাতুন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।