সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগে শাান্তিগঞ্জ থানার এসআই দেবাশিষকে ক্লোজড করা হয়েছে। গত শনিবার দেবাশিষকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অন্তর্ভূক্ত করা হয়েছে।
এর আগে উজির মিয়ার মৃত্যুর পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিমকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। ওই দিনই উজির মিয়াকে নির্যাতনের সাথে জড়িত থাকায় এসআই দেবাশিষকে দিরাই থানায় বদলি করা হয়।
ঘটনার পর গত শুক্রবার বিকেলে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান নিহত উজির মিয়ার বাড়িতে গিয়ে পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
শান্তিগঞ্জ থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির আহমদ জানান, এসআই দেবাশিষকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অন্তর্ভূক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে একটি গরু চুরির মামলার সন্দেহজনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। ২১ ফেব্রুয়ারি উজির মিয়ার অসুস্থতা আরো বাড়লে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। একইদিন বিকেলে নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
বর্তমানে জেলা প্রশাসক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে।






