চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ আজিজ নগর স্টেশনের পাশে নাইটকোচ সেজুতি পরিবহনের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ডাম্পার চালক নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন গুরুতর আহত হন। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের আজিজনগর এলাকায় স্টেশনের পার্শ্বে ঢাকাগামী সেজুতি পরিবহনের সাথে বিপরীতে দিক থেকে আসা মালবাহী ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ডাম্পার গাড়ির চালাক মোহাম্মদ হাবিবউল্লাহ (৪০) মারা যান। ওই সময় গাড়ির হেলপার আবদুল মতলবসহ (২২) আরো তিনজন আহত হন। ডাম্পার চালক ও হেলপারকে গাড়ি কেটে বের করা হয়েছে। আহতদের চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ডাম্পার চালক বোরহানউদ্দিন উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাসাননগর এলাকার আবদুল হাকিমের ছেলে বলে জানা যায়।






