ময়মনসিংহের গফরগাঁওয়ে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের বড়বড়া গ্রামের গুপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিকে পুলিশ ও স্থানীয়রা ডাকাত হেলাল (৪৩) বলে চিহ্নিত করেছেন। তিনি বড়বড়া গ্রামের চৌধুরী কান্দা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হেলাল রোববার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের বড়বড়া গ্রামের গুপপাড়া এলাকার ওয়াহেজ উদ্দিনের বসতঘরের দরজার নিচের মাটি সরিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজন টেয় পেয়ে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা তার হাত-পা বাঁধা লাশ চৌধুরী কান্দা এলাকায় তার বাড়ির সামনে রেখে আসে। খবর পেয়ে পুলিশ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মঈনুল হক মঈন সরকার বলেন, হেলাল ডাকাত এলাকায় গরু চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ডাকাত হেলালের বিরুদ্ধে চুরিসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






