কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নালার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কায়স্থপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম সুমাইয়া আক্তার (৯)। শিশুটি ওই গ্রামের সুজন মিয়ার মেয়ে।
পরিবারের লোকজন জানায়, দুপুরে সবার অগোচরে সুমাইয়া বাড়ির পিছনে নালার পাশে গেলে পা পিছলে নালার পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়িতে মেয়েকে অনেক সময় ধরে না দেখে খোঁজাখুঁজি শুরু করে তারা। একপর্যায়ে নালার পানি থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সুমাইয়া বাবা-মায়ের সাথে অন্যত্র থাকতো। এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে একদিন আগে মায়ের সাথে সে বাড়িতে এসেছিল।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঁইয়া পানিতে ডুবে সুমাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



