মৃত্যু পরোয়ানা নিয়ে ১৬ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলো জসিম উদ্দিন (৪২)। ১৮ বছর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় ২০০৬ সালে তাকে সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয় আদালত। রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে কুমিল্লার নাঙ্গলকোটের ভোলাইল থেকে জসিমকে আটক করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানায়, ২০০৪ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় কাশেম নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করে জসিম ও তার সঙ্গিরা। ওই ঘটনায় জড়িত জসিম ও অন্যদের নামে সে সময় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের স্ত্রী রেজিয়া বেগম। ঘটনার পর থেকেই পলাতক ছিল জসিম। তার অনুপস্থিতেই ২০০৬ সালের ৫ মে মামলাটির বিচার কার্য শেষ করে জসিমকে মৃত্যুদণ্ড দেন তৎকালীন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল মান্নান। ওসি মশিউর রহমান আরো জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জসীম উদ্দিন পলাতক থাকায় তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। যার কারণে তাকে গ্রেফতারও করা যাচ্ছিলো না। বহুবছর তার গ্রেফতারী পরোয়ানাটি পড়ে ছিলো। মাসখানেক আগে বিষয়টি আমার নজরে পড়ে। এতো আগের একটি মামলা এবং আসামী দীর্ঘদিন আগে থেকে পলাতক থাকায় তাকে গ্রেফতারের বিষয়টি এতো সহজ ছিলো না।