পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি করোনার টিকা নিতে গিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে নিখোঁজ হওয়া নবম শ্রেণীর মাদারাসা ছাত্রী হীরা আক্তারের। গত ২৩ ফেব্রুয়ারি শ্যামনগরের সুশীলন টাইগার পয়েন্ট কেন্দ্রে টিকা নিতে গিয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি শ্যামনগর থানায় শিক্ষার্থীর পরিবার একটি সাধারণ ডায়েরি করে।
হিরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের হযরত আলী মোড়লের মেয়ে এবং গাবুরা দারুস সুন্নাহ দাখিল মাদারাসা নবম শ্রেণীর শিক্ষার্থী।
এ দিকে নিখোঁজ হীরা আক্তারকে নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। ইতোমধ্যে প্রতারণার মাধ্যমে তার পরিবারের কাছ থেকে অর্থও হাতিয়ে নিয়েছে চক্রটি।
জানা গেছে, নিখোঁজ হওয়ার একদিন পরে ০১৬১২-৯৯১৭৯৭ নম্বরের ফোন থেকে হীরার খালার কাছে ফোন দিয়ে একজন তার খোঁজ নিতে হলে তাকে ইম্যুতে অ্যাড করে ভিডিও কলে কথা বলার জন্য বলে। এরপর শনিবার বিকেলে ০১৭১৪-৮৭৯৫৪২ নম্বর থেকে স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমানের কাছে ফোন করে কুষ্টিয়া থানার পরিচয় দিয়ে ০১৩০৯ ০১০৫১২ নম্বরে বিকাশ করে ২৫০০ টাকা দেয়ার পরে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) সানওয়ার হুসাইন মাসুম বলেন, হীরাকে খুঁজে বের করার সব চেষ্টা অব্যাহত আছে।