ঝালকাঠির কাঠালিয়ার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়াবন থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর অটো চালক নাছির উদ্দীনের লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামবাসী গোসল করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নাছির উদ্দীন (৩২) উপজেলার সদর ইউনিয়েনর উত্তর আউরা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
তার হাত দুটি পিছমোড়া অবস্থায় বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল।
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার অটোতে তিনজন যাত্রী ছৈলারচর পর্যটন কেন্দ্রে যায়। এরপর থেকেই তিনি অটোসহ নিখোঁজ ছিলেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী জানান, খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা তার অটো ছিনতাই করে তাকে হত্যা করছে।
নাছির উদ্দীনের বড় ভাই মোঃ জসিম উদ্দীন জানান, ‘সোমবার সন্ধ্যায় আমার ভাই নাসিরকে যাত্রীবেশে তার মোবাইলে কল দিয়ে কাাঁঠালিয়ার হেতালবুনিয়ার ছৈলার চর পর্যটক কেন্দ্রে যেতে বললে নাসির সেখানে যায়। সেখানে একটি দোকানে বসে কথিত ওই তিন যাত্রীর সাথে চা খাওয়ার পর তাদের অটোতে করে ছৈলার চর থেকে চলে আসে। তারপর থেকে নাছিরের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তারপর আত্ময়ীস্বজন মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও নাছির এবং তার অটোর কোনো খোঁজ পাইনি।’






