নোয়াখালী হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদক কারবারের অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্টগার্ড গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার আটককৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন - ভাসানচর আশ্রয়ণের ৮ নম্বর ক্লাস্টারের মো: শামসুর ছেলে ইয়াকুব ও ২৫ নম্বর ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের।

জানা গেছে, আটক ওই দু’জন রোহিঙ্গা যুবক তাদের সবজি বাগানের আড়ালে ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান সংলগ্ন সবজি বাগান থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।