চুয়াডাঙ্গায় মা ও ছানাসহ পাঁচটি বনবিড়ালকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের দীননাথপুর গ্রামের মাদরাসাপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন 'কেয়ার ফর আনক্লেইমড বিস্ট' এর সভাপতি স্কুল শিক্ষক বখতিয়ার হামিদ।
তিনি বলেন, ঘটনা শোনার পর সংগঠনের একজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দীননাথপুর গ্রামের মাদরাসাপাড়ার প্রবাসী বিল্লাল হোসেনের বাড়ির রান্নাঘরে খড়ির ভিতরে চারটি ছানাসহ মা বনবিড়াল অবস্থান করছিল। সেগুলো দেখে বিল্লাল হোসেনের স্ত্রী নূরী বেগম স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা চার ছানাসহ মাকে পিটিয়ে হত্যা করে পাশেই মাটি চাপা দিয়ে দেয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।
এদিকে এ ঘটনার পর বনবিড়ালের হত্যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে। অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাকির হোসাইন বলেন, বন বিড়ালগুলো পিটিয়ে হত্যার বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক। আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






