নওগাঁর সাপাহার সীমান্তে তানভীর (২৬) নামে এক বিজিবি সদস্য নিজের অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছে। আত্মত্যাকারী বিজিবি সদস্য ১৬ বিজিবি ব্যাটালিয়নের সাপাহার উপজেলার সুন্দরইল বিজিবি ক্যাম্পে কর্মরত সিপাহী বলে জানা গেছে।

তানভীর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের শেখ আরজুনুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ওই সিপাহী সকলের অজান্তে ক্যাম্প অভ্যন্তরে নিজের নিকট থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে আত্মহত্যার চেষ্টা করে। ওই দিন সকাল ৭টার দিকে বিজিবি সদ্যস্যরা আহত অবস্থায় তানভীরকে সাপাহার হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে গাড়ীতে তুলে হাসপাতাল ত্যাগ করে। কিছু দূর যাবার পর রাস্তায় বিজিবি সদস্য তানভীরের অবস্থা আশঙ্কাজনক হলে বিজিবি সদস্যরা তাকে আবার সাপাহার হাসপাতালে ফেরত নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আবু হানিফ তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় থানায় জানানো হলে পুলিশ হাপাতালে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ঘটনার বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদ জানান, বিষয়টি তাদের অভ্যান্তরিণ। এ বিষয়ে কোনো নিউজ প্রকাশ করা যাবে না।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।