গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় তিনজনকে কুপিয়ে যখম করা হয়েছে। নির্বাচনে হেরে যাওয়ায় সাবেক চেয়ারম্যান ইকবাল গাজীর লোকজন অপর প্রার্থী নাইস গাজীর বাড়িতে হামলা করে। তারা নাইস গাজীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ইকবাল গাজী তার লোকজন নিয়ে ডুমদিয়া গ্রামে নাইস গাজীর বাড়িতে হামলা করে। নাইস গাজীর বাবা মুক্তিযোদ্ধা দাউদুর রহমান মিন্টু গাজী বলেন, আজ আমার বাড়িতে এতিমদের নিয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উরফি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল গাজীর নেতৃত্বে তার ভাই ইমরান গাজী, জসিম গাজী, অসিম গাজী, সোহেল গাজীসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতিমদের জন্য রান্না করা সব খাবার নষ্ট করে ফেলে হামলাকারীরা। অস্ত্র দিয়ে কুপিয়ে আমার ছেলে নাইস গাজী, মাসুম গাজীসহ আমার স্ত্রী নুরি বেগমকে মারাত্মক জখম করে। বর্তমানে তারা গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। নাইস গাজীর অবস্থা আশঙ্কাজনক।
গোপালগঞ্জ সদর থানার এসআই ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় ইকবাল গাজীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।



